ধর্ষণের ঘটনায় কিশোরীর লাশের ফের ময়নাতদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনায় কিশোরী পান্না আক্তারকে (১৪) ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় পুনরায় তার লাশের ময়নাতদন্ত হয়েছে। শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকেরা বোর্ড গঠন করে ওই হাসপাতাল মর্গে পুনরায় এই ময়নাতদন্ত সম্পন্ন করেন।
ধর্ষণের ঘটনা গোপন করার অভিযোগ ওঠায় নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলীর দ্রুত অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।
শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে সচেতন নাগরিক সমাজ, ঠাকুরাকোনার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে শহরের অন্তত ১৫টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত পান্নার মা আলপনা আক্তার, ঠাকুরাকোনা রহিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান, জেলা মানবাধিকার আইনজীবী পরিষদের সভাপতি মো. নজরুল ইসলাম খান, স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক নারীনেত্রী কোহিনুর বেগম প্রমুখ।
ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন ওঠায় কিশোরী পান্নার লাশটি দাফনের নয় দিন পর গত বৃহস্পতিবার ঠাকুরাকোনা রেলস্টেশন এলাকার কবর থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিনের উপস্থিতিতে তোলা হয়েছিল।
নেত্রকোনার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘প্রথমবারের ময়নাতদন্ত সম্পর্কে নানা প্রশ্ন উঠেছে। এ কারণে ময়নাতদন্তে অধিকতর স্বচ্ছতা ও গ্রহণযোগ্য করতেই আমরা স্বতঃপ্রণোদিত হয়ে ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়েছিলাম। শনিবার ওই হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকদের বোর্ড গঠন করে পুনরায় এই ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন হাতে পেতে কয়েক দিন সময় লাগবে।’
গত বৃহস্পতিবার নেত্রকোনা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মোস্তাফিজুর রহমানকে তাৎক্ষণিক বরগুনা সদর হাসপাতালে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তর। একই পদে তিন কার্যদিবসের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সমীর কান্তি সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক উপসম্পাদক কৌশিক সরকার ওরফে অপুকে বহিষ্কার করা হয়েছে।
নিহত পান্নার মা আলপনা আক্তারের করা মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন কৌশিক সরকার ওরফে অপু (২৩) ও মামুন মিয়া আকন্দ (২৬)। কৌশিক জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক উপসম্পাদক ছিলেন। মামুন ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ভাগনে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বর্তমানে কারাগারে আছেন। মামলার অপর আসামি সুলতান মিয়া (২২) এখনো গ্রেপ্তার হননি।
মামলার তদন্ত কর্মকর্তা নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ নুর এ আলম বলেন, ‘পুনরায় ময়নাতদন্ত শেষে রাতে মৃতদেহটি কবর দেওয়া হয়েছে। আসামি সুলতান মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।’
পান্নার পরিবার ও স্থানীয় লোকজনের অভিযোগ, আসামিরা প্রভাবশালী হওয়ায় নেত্রকোনা মডেল থানার পুলিশ প্রথমে মামলা নেয়নি। এলাকাবাসীর ক্ষোভের মুখে ও পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নির্দেশে সাত দিন পর পান্নার মায়ের মামলা নিতে বাধ্য হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে অপমৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোস্তাক আহম্মদকে সরিয়ে তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ নুর এ আলমকে।
কিশোরীর মা বলেন, ৩ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে তিন তরুণ তাঁর মেয়েকে মাছের খামারে একটি ঘরে ডেকে নিয়ে যান। রাত আটটার দিকে তিনি কৌশলে মেয়েকে উদ্ধার করে ঘরে এনে জানতে পারেন, ওই তিন তরুণ মেয়েকে ধর্ষণ করেছেন। কিছুক্ষণ পর তরুণদের মধ্যে মামুন এসে ঘটনাটি কাউকে জানালে তাঁদের মেরে ফেলার হুমকি দেন। কিন্তু এলাকায় বিষয়টি জানাজানি হয়ে যায়। পরদিন বেলা ১১টার পর পাশের ঘরে মেয়ের ঝুলন্ত লাশ দেখেন স্থানীয় লোকজন।