ধর্ষণের ঘটনায় বাবা-ছেলের বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পৃথক দুটি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাবা ও তাঁর ছেলের বিরুদ্ধে এলাকার নারীরা জুতা ও ঝাড়ু মিছিল করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের সামুদাফৎ গ্রামে এ মিছিল করা হয়।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, রাঙ্গাবালী ইউনিয়নের সামুদাফৎ গ্রামের ১৪ বছর বয়সী এক ছাত্রী গত শুক্রবার রাত আটটার দিকে বাড়ির পাশে বর্ষবরণ অনুষ্ঠান দেখতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় পরদিন রাঙ্গাবালী থানায় সুমন চৌকিদার (২২) ও তাঁর সহযোগী দানেস চৌকিদার (২৮) নামের দুই তরুণের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে ওই কিশোরী।

অপরদিকে একই গ্রামের দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত বছরের ৩ অক্টোবর রাতে প্রতিবেশী সেরাজুল চৌকিদার তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূর ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সেরাজুল তাঁর জামাকাপড় ও ব্যবহৃত মুঠোফোন ফেলে পালিয়ে যান। এ ঘটনায় ৬ অক্টোবর ওই নারী পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। সেরাজুল চৌকিদার সুমন চৌকিদারের বাবা।

এ ব্যাপারে সামুদাফৎ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নবিনুর গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, পিতা-পুত্রের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির ঘটনায় এলাকার নারীরা ক্ষুব্ধ। এ কারণে তাঁরা মিছিল করে পিতা-পুত্রের বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন গতকাল বৃহস্পতিবার বলেন, ‘মিছিলের খবর পেয়েছি। মাদ্রাসার ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর তাঁর বাবার মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।’