ধর্ষণের ঘটনায় মামলা না নিয়ে মীমাংসার পরামর্শ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গত মঙ্গলবার এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় কিশোরী নিজেই বুধবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। কিন্তু পুলিশ অভিযোগ নথিভুক্ত না করে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার পরামর্শ দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের সদস্যরা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সাদীপুর গ্রামের প্রভাবশালী মারু মালিথার ছেলে জুয়েল (২৪) ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ওই কিশোরী দৌলতপুর থানায় জুয়েলের বিরুদ্ধে অভিযোগ দেয়। থানার এএসআই আবদুল কুদ্দুস ঘটনাটি দেখবেন বলে জানান।
পরে বৃহস্পতিবার সকালে আবদুল কুদ্দুস ঘটনাস্থলে যান। কিন্তু অভিযোগ উঠেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মজিবর রহমানের যোগসাজশে জুয়েলের পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এদিকে মজিবরও ওই কিশোরীর পরিবারকে নানা ভয়ভীতি দেখাচ্ছেন। মামলা না নিতে পুলিশের কাছে তদবিরও করছেন তিনি। মজিবর রহমান বলেন, ‘জরিমানা করে বা উভয়ের মধ্যে বিয়ে দিয়ে সমাধান করা হবে।’
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ইউপি সদস্য মজিবর থানার এএসআই কুদ্দুসকে নিয়ে বিষয়টি মীমাংসা করছেন।