ধর্ষণের চার ঘটনায় ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তিনটি জেলায় ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুরে এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ছাত্রী গুরুতর অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্বজনেরা বলছেন, শিশুটি গত সোমবার গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফিরছিল। বাড়ির কাছেই তাকে জাহাঙ্গীর আলম ধর্ষণ করেন। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরার পরপরই পুলিশের কাছে অভিযোগ জানায় পরিবারটি। ওই রাতেই জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

পৃথক একটি ধর্ষণের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালিগ্রাম মহল্লার মো. জীবন (২১), রামকৃষ্টপুর মহল্লার পারভেজ ইসলাম ওরফে রামিম (২৬) ও নাইম আজাদকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ ও ধর্ষণের শিকার নারীকে মারধরের অভিযোগে ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ বলেন, ধর্ষণের শিকার কলেজছাত্রী অভিযোগ করেছেন, ৬ সেপ্টেম্বর বিকেলে জীবন তাঁকে নিজের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ ও এর ভিডিওচিত্র ধারণ করেন। ওই সময় পারভেজ ইসলাম, নাইম আজাদসহ ওই এলাকার আরও কয়েকজন যুবক জীবনের বাড়িতে ঢুকে মেয়েটিকে মারধর ও শ্লীলতাহানি করেন এবং মেমোরি কার্ড ছিনিয়ে নেন। ওই মেমোরি কার্ডে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়েছিল। পরে ভিডিওচিত্রটি মুঠোফোনে এলাকায় ছড়িয়ে দেওয়া হয়।

গত সোমবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। এ ব্যাপারে ওই ছাত্রী বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে ৯ জনকে আসামি করে মামলা করেন। সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে মাহফুজ হোসেন (২০) নামের এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব। অভিযোগে বলা হয়েছে, গত ২৮ আগস্ট পড়ানোর সময় একটি শিশুকে (৭) ধর্ষণের চেষ্টা করেন গৃহশিক্ষক। র‍্যাব-১২-এর একটি দল টাঙ্গাইলের কালিহাতী থানার পটল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এ দিকে শেরপুরের পল্লিতে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুকুল (২৪) নামের এক যুবককে ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোছলেহ উদ্দিন। ২০১৬ সালের ২০ নভেম্বর শিশুটির মা বাদী হয়ে মুকুলের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা করেছিলেন। তদন্ত শেষে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম ২০১৭ সনের ২৩ মার্চ আসামি মুকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

(প্রতিবেদন পাঠিয়েছেন নিজস্ব প্রতিবেদকচাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও শেরপুর প্রতিনিধি)