ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের একটি আবাসিক হোটেলে এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে।

গতকাল মঙ্গলবার রাতে ওই স্কুলছাত্রী বাদী হয়ে নুরুজ্জামান ও তাঁর বন্ধু জাহিদ হোসেনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করে। আসামি দুজনেরই বাড়ি বরগুনার আমতলী উপজেলায়।

পুলিশ ও মেয়েটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি মুঠোফোনে ঝালকাঠির নলছিটি উপজেলার ওই স্কুলছাত্রীর সঙ্গে আমতলী উপজেলার জাহিদ হোসেনের (৩০) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে জাহিদ ও নুরুজ্জামান গতকাল মোটরসাইকেলে করে মেয়েটিকে নলছিটি থেকে পিরোজপুরে নিয়ে আসেন। তাঁরা মেয়েটিকে নিয়ে শহরের একটি আবাসিক হোটেলে ওঠেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন তাঁরা। এ সময় মেয়েটি কৌশলে পালিয়ে হোটেলের কাছেই একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মেয়েটি থানায় গিয়ে মামলা করে। পরে পুলিশ পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে নুরুজ্জামানকে গ্রেপ্তার করে। জাহিদ পলাতক রয়েছেন।

মেয়েটি জানায়, মুঠোফোনে জাহিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জাহিদ তাকে পিরোজপুরে এক আত্মীয়র বাড়িতে নিয়ে বিয়ে করার কথা বলে নলছিটি থেকে নিয়ে আসেন। কিন্তু একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে ওই দুজন। এ সময় সে পালিয়ে আসতে সক্ষম হয়।

পিরোজপুর সদর থানার পরিদর্শক (এসআই) হাছনাইন পারভেজ বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি জাহিদ হোসেনকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

নুরুজ্জামান উপজেলা ছাত্রলীগের সভাপতি—এ তথ্য নিশ্চিত করেছেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।