রাঙামাটির বরকল উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে মামলা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে থাকতেন। ওই বাড়ির মালিক কিছুদিনের জন্য এলাকার বাইরে যাওয়ার কারণে পাশের এক ব্যক্তির বাড়িতে ওই শিক্ষকের থাকার ব্যবস্থা করা হয়। ২৭ মার্চ দিবাগত রাত ১টার দিকে ওই ব্যক্তির অনুপস্থিতির সুযোগে তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন ওই শিক্ষক। পরে গৃহবধূর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে ওই শিক্ষককে ধরে ফেলেন। পরদিন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাব হোসেন বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ওই শিক্ষককে ছাড়িয়ে নেন। মঙ্গলবার রাতে ওই গৃহবধূ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন।
ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাব হোসেন বলেন, ওই শিক্ষককে স্থানীয় লোকজন আটকে রেখেছেন শুনে তিনি পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে ওই শিক্ষক ছুটি নেন। তিনি বলেন, তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফজল আহমেদ খান বলেন, ওই শিক্ষক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।