ধর্ষণের চেষ্টার মামলা না নিয়ে সমঝোতার চাপ দিচ্ছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নে গত বৃহস্পতিবার অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় পুলিশ মামলা না নিয়ে সমঝোতার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার।
বিচারের জন্য মেয়েটি ও তার পরিবার গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেনের কাছে অভিযোগ করেছে। ইউএনও মামলা নিতে থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মেয়েটির অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে আশেক, শরিফসহ চারজন তার পথরোধ করে এবং নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে খেতের কৃষকেরা গিয়ে তাকে উদ্ধার করেন। গ্রামবাসীর সহযোগিতায় সে ওই দিন শশীভূষণ থানায় গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন। কিন্তু থানার এসআই গোলাম মাওলা ইভ টিজিংয়ের অভিযোগ হিসেবে গ্রহণ করেন। তিনি অভিযোগ থেকে ‘ধর্ষণ চেষ্টা’ কথাটি বাদ দিয়ে দেন। পরে আসামিদের গ্রেপ্তারের পরিবর্তে তাদের সঙ্গে সমঝোতায় বসার জন্য চাপ দেন।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনির উদ্দিন বলেন, অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী। তাদের সঙ্গে পুলিশের যোগ হয়েছে। তাই মেয়েটি বিচার পাচ্ছে না।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে এসআই গোলাম মাওলা ফোন ধরেননি। শশীভূষণ থানার ওসি আবুল বাশার বলেন, মেয়েটির অভিযোগ ধর্ষণের চেষ্টা নয়, ইভ টিজিং, তাই মামলা হয়নি। এখন যদি তাঁরা পুনরায় অভিযোগ করেন তবে তা মামলা হিসেবে নথিবদ্ধ করা হবে।