ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, গর্ভপাত করাতে গিয়ে তরুণীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের পর অবৈধ গর্ভপাত করাতে গিয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বাকপ্রতিবন্ধী এক তরুণীর মৃত্যু হয়েছে। তাঁর নাম হাসনাহেনা (২৫)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন এলাকার বাসিন্দা ছিলেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতনকৃষ্ণ রায় চৌধুরী বলেন, লাশের ময়নাতদন্ত চলছে। তরুণীর বড় বোন রুমা বেগমের অভিযোগ, হাসনাহেনা উপজেলার কুঞ্জেরহাট এলাকার মোশারেফ হোসেনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। গৃহকর্তা মোশারেফ হোসেন তাঁকে ধর্ষণ করায় তাঁর বোন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

রুমা বেগম বলেন, অভাবের তাড়নায় মা-বাবা হারা বাক ও শ্রবণপ্রতিবন্ধী বোনকে কাজ করতে পাঠান মোশারেফ হোসেনের বাড়িতে। সম্প্রতি হাসনাহেনা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আলট্রাসনোগ্রামসহ একাধিক পরীক্ষা করানো হয়েছে। এ অবস্থায় মোশারেফ হোসেন স্থানীয় হাতুড়ে ডাক্তার দিয়ে গর্ভপাত করানোর চেষ্টা করলে তার প্রচুর রক্তক্ষরণ হয়। একপর্যায় ১ এপ্রিল বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২ এপ্রিল ভোলা সদর হাসপাতালে তাকে ভর্তি করেন। গতকাল সোমবার সকাল আটটায় হাসনাহেনার মৃত্যু হয়।

এ ব্যাপারে জানতে চাইলে রুমা বেগম কান্না করে বলেন, সবাই তাঁকে অসহযোগিতা করছে। তিনি তাঁর বোনের হত্যার বিচার চান। কিন্তু সব ডাক্তারি পরীক্ষার সনদ ও প্রমাণ লোপাট করতে চাইছে বলেও দাবি করেন তিনি।