ধর্ষণের পর অপমান, আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের ঘটনায় আটক করার পর অভিযুক্ত যুবককে গ্রামের অন্য যুবকেরা ছিনিয়ে নিয়ে যায়। পাশাপাশি ধর্ষণের শিকার কিশোরী স্কুলছাত্রীকে বলে যায় অপমানজনক কথা। সেই অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে স্কুলছাত্রী রোজিনা আক্তার (১৪)।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ খানপুর গ্রামে গতকাল শনিবার ভোরে ঘটেছে এ ঘটনা। রোজিনা স্থানীয় নরোত্তমপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবার নাম আবুল হাশেম।
রোজিনার পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার বিকেলে রোজিনার ভাই জহির উদ্দিন অসুস্থ মা শরিফা খাতুনকে ডাক্তার দেখাতে জেলা শহরে যান। সেখানে দেরি হয়ে যাওয়ায় রাতে আর বাড়ি ফেরেননি। তার বাবাও বাড়িতে ছিলেন না। রাতে বাড়িতে একা ছিল রোজিনা। রাত সাড়ে ১২টার দিকে পাশের গয়েশপুর গ্রামের যুবক মো. রিপন ঘরে ঢুকে রোজিনাকে ধর্ষণ করে। এ সময় আশপাশের বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে রিপনকে ধরে বেঁধে রাখে। খবর পেয়ে রিপনের গ্রাম থেকে প্রথমে কয়েকজন এসে রোজিনাকে উদ্দেশ করে নানা অপমানজনক মন্তব্য করে। পাশাপাশি সালিসের কথা বলে রিপনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। ভোর চারটার দিকে রিপনের গ্রামের ১০-১২ জনের একদল যুবক হঠাৎ ঘরে ঢুকে তাকে বের করে নিয়ে যায়।
খবর পেয়ে গতকাল সকাল ছয়টার দিকে রোজিনার মা ও ভাই বাড়িতে ফেরেন। তাঁরা ঘরে ঢুকে দেখেন, রোজিনা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রোজিনার মা শরিফা খাতুন প্রথম আলোকে বলেন, ‘মেয়েকে হাসিখুশি অবস্থায় রেখে গিয়েছিলাম। কিন্তু ফিরে এসে জীবিত পেলাম না। যার কারণে আমার মেয়ে দুনিয়া থেকে চলে গেছে, আমি তাঁর বিচার চাই।’