ধর্ষণের পর কিশোরীকে হত্যা, পালানোর সময় ধর্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারীতে এক কিশোরীকে গণধর্ষণের পর জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই তরুণী এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। তাকে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ধর্ষণকারীদের একজন মারা গেছেন। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও কয়েকজন গ্রামবাসী বলেন, রৌমারী উপজেলার বোয়ালমারী গ্রামের আর্জিনা খাতুনকে একই গ্রামের আয়ুইব আলী (২২) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু আর্জিনা তাঁর প্রস্তাবে সাড়া দেয়নি। আজ রোববার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে আয়ুইব আলী ও তাঁর দুই বন্ধু আর্জিনাদের ঘরে ঢুকে তাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেন। এর পর দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আয়ুইব আলী হৃদ্‌রোগে আকস্মিক আক্রান্ত হয়ে মারা যান। রৌমারি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন তাঁর হৃদ্‌রোগে মারা যাওয়ার কথা নিশ্চিত করেছেন।

নিহত স্কুলছাত্রীর মা সাজেদা বেগম অভিযোগ করেন, ‘আয়ুইব আলী মেলা দিন থিকা আমার মাইয়ারে বিরক্ত করে আসছিল। তাকে ভালো কলেজে ভর্তি করার ইচ্ছা ছিল। কিন্তু শয়তানরা তাকে বাঁচতে দিল না। আমি খুনিদের ফাঁসি চাই। যাতে আমার মাইয়ার আত্মা শান্তি পায়।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনজন জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। নাসির উদ্দিন ও আনারুল নামে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।