ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে বিয়ের প্রলোভন দেখানো হয়েছিল। কাজ হয়নি তাতে। পরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় কিশোরীটিকে। শেষমেশ বিয়ের দাবিতে ধর্ষকের বাড়িতে যায় সে। কিন্তু তাকে কীটনাশক পান করতে বলা হয়। এর কিছুক্ষণ পর ঠিক এই কাজটাই করে সে। ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত শুক্রবার গভীর রাতে হার মানে সে।

নিহত রাশিদা খাতুন (১৩) যশোরের মনিরামপুর উপজেলার মো. রতন মোড়লের মেয়ে। ২ সেপ্টেম্বর রাতে প্রতিবেশী সজীব মোড়ল তাকে ধর্ষণ করেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় রতন মোড়ল গত বৃহস্পতিবার সজীব মোড়লকে আসামি করে মনিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ ওই দিনই সজীবকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা মনিরামপুর থানার এসআই মো. ফিরোজ ইকবাল বলেন, আসামি সজীব মোড়লকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।