ধর্ষণের পর তরুণীর চুল কেটে দিলেন চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার যৌতুকের দাবি এবং শারীরিক নির্যাতনের কারণে বাধ্য হয়ে ছয় মাস আগে স্বামীকে তালাক দেন এক তরুণী (২৪)। ক্ষিপ্ত হয়ে সাবেক স্বামী ওই তরুণীকে দেখে নেওয়ার হুমকি দেন। গত শুক্রবার সন্ধ্যায় ওই তরুণী অটোরিকশায় করে তাঁর ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে জোর করে অটোরিকশা থামিয়ে তাঁকে তুলে নিয়ে যান সাবেক স্বামী। রাতে একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করেন তাঁর সাবেক স্বামীসহ চারজন। এরপর মারধর করে তাঁর চুল কেটে দেওয়া হয়। অন্য তিনজন তাঁর সাবেক স্বামীর বন্ধু।

নৃশংস এই ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়। গণধর্ষণের শিকার ওই তরুণীকে গতকাল শনিবার বিকেলে লক্ষ্মীপুর শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, তরুণীকে ধর্ষণের ওই ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছেন তাঁরা। এ ঘটনায় মামলা হবে। ধর্ষণের ঘটনায় জড়িত চার যুবককে গ্রেপ্তারের চেষ্টা করছেন তাঁরা।

হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী প্রথম আলোকে বলেন, ১০ বছর আগে তাঁর বিয়ে হয়। ৮ বছরের একটি মেয়ে ও ৬ বছরের একটি ছেলে রয়েছে তাঁর। বিয়ের পর থেকে বিভিন্ন সময় তাঁকে মারধর করে ও চাপ সৃষ্টি করে তাঁর বাবার কাছ থেকে যৌতুক আদায় করতেন সাবেক স্বামী। সর্বশেষ তাঁর বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা এনে দিতে চাপ দেওয়া হয়। এ নিয়ে নির্যাতন সইতে না পেরে ছয় মাস আগে তিনি স্বামীকে তালাক দেন। এতে তাঁর ওপর ক্ষুব্ধ হন সাবেক স্বামী।

ওই তরুণী বলেন, গত শুক্রবার সন্ধ্যায় অটোরিকশায় করে তিনি ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে পৌঁছানোর পর তাঁর সাবেক স্বামী ও তাঁর কয়েকজন বন্ধু অটোরিকশাটি থামিয়ে জোর করে তাঁকে অপহরণ করেন। পরে বাজারের কাছে একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে তাঁকে ধর্ষণের পর চুল কেটে দেয় ওই দুর্বৃত্তরা (সাবেক স্বামীসহ চারজন)। ভোরের দিকে বাড়ির এক নারী বিষয়টি টের পেলে ওই চারজন পালিয়ে যান। পরে তিনি গতকাল সকালে সেখান থেকে বাবার বাড়িতে গিয়ে ঘটনাটি জানান।

হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, গতকাল বিকেল চারটার দিকে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। তাঁর শরীরে আঘাত রয়েছে। মাথার চুল এলোমেলোভাবে কাটা। ধর্ষণের ঘটনায় পরীক্ষা করা হচ্ছে।