ধর্ষণের পর প্রতিবন্ধী শিশুকে হত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় ১০ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগ করেছে ওই শিশুর পরিবার। রাজবাড়ীতে নবম শ্রেণির এক ছাত্রী ও পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ তিন ঘটনায়ই সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে ময়মনসিংহে ধর্ষণের একটি মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গার বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর পরিবারের অভিযোগ, জেলার দামুড়হুদার কুড়ালগাছি ইউনিয়নের একটি গ্রামে গত সোমবার সকালে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে ফুসলিয়ে মুরগির খামারে নিয়ে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যে খামারটির দোতলা থেকে ফেলে দেওয়া হয়। এতে শিশুটির ডান পা ভেঙে গেছে। এ ঘটনায় শিশুটির বাবা গত সোমবার বিকেলে আমীর হোসেন ও তাঁর সহযোগী খামারমালিক মনিরুজ্জামান মন্টুকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন।

পুলিশ গ্রেপ্তার করা দুজনকে গতকাল মঙ্গলবার দামুড়হুদার আমলি আদালতে হাজির করে। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মোস্তাফিজুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের একটি গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা গতকাল রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। মামলায় টিপু সুলতান নামের একই গ্রামের বাসিন্দা এক দন্তচিকিৎসককে আসামি করা হয়।

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের একটি গ্রামে এক গৃহবধূ (১৯) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী। এ ঘটনায় গতকাল সকালে গৃহবধূর স্বামী থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় স্বামীর মামাতো ভাইকে (২৫) প্রধান আসামি করা হয়েছে।

ধর্ষণ মামলায় নারী গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় করা ধর্ষণের এক মামলায় সোমবার রাতে এক নারী আসামিকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল তাঁকে আদালতে পাঠানো হয়। রিমান্ডের শুনানি অপেক্ষমাণ রেখে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

নান্দাইল পৌরসভার একজন বিধবা (৫৫) গত মাসে তাঁর মেয়েকে ধর্ষণের অভিযোগে গত শনিবার রাতে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করে ওই মামলা করেন।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চুয়াডাঙ্গা, রাজবাড়ী, পিরোজপুর, নান্দাইল প্রতিনিধি]