ধর্ষণের পর শরীরে গরম ভাতের মাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার এক শ্রমিক (২৫) ধর্ষণের শিকার হয়েছেন। গত সোমবার রাতে ওই ঘটনা ঘটে। ওই তরুণীকে উদ্ধারের সময় অভিযুক্ত ব্যক্তি তাঁর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
তরুণীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার তরুণীর বাবা রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেলে তাঁর মা প্রতিবেশীর বাড়িতে যান। এ সুযোগে ওত পেতে থাকা ওই ব্যক্তি (৫০) তিন সহযোগীকে নিয়ে ঘরে ঢুকে পড়েন। এরপর তরুণীর মুখ বেঁধে তাঁকে তুলে নিয়ে ওই লোকের বাড়ির একটি কক্ষে আটকে রাখেন। এরপর তাঁকে কয়েকবার ধর্ষণ করেন ওই লোক। প্রতিবেশী এক নারীর মাধ্যমে গত মঙ্গলবার সকালে তরুণীর পরিবার ঘটনা জানতে পারে।
ধর্ষণের শিকার তরুণীর মা বলেন, তিনি মেয়েকে ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করতে যান। এ সময় ওই ব্যক্তি চুলা থেকে ভাতভর্তি হাঁড়ি তুলে মেয়ের পিঠে ঢেলে দেন। এতে তাঁর (তরুণী) ঘাড়, পিঠ ও বাঁ পায়ের কিছু অংশ পুড়ে যায়। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ওই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে মঙ্গলবার রাতে মামলা করেছেন। এজাহারভুক্ত ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।