ধর্ষণের পর শিশু হত্যায় একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অর্পা রানী পাল (৮) নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক তরুণের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ওই আসামির নাম তপন কুমার পাল (২২)। তিনি শহরের আড়ুয়াপাড়ার রবীন্দ্রনাথ পালের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার এস বি ঘোষ লেনের একটি ভবনের নিচতলায় অর্পা রানীর বাবা স্বপন পাল পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ওই ভবনের মুখোমুখি আরেকটি বাসায় থাকত আসামি তপন কুমারের পরিবার। ২০১৪ সালের ২৮ মার্চ বিকেলে অর্পা নিখোঁজ হয়। পরে ২৯ মার্চ সন্ধ্যায় পাশের বাসার এক কক্ষ থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় অর্পার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে নিহত শিশুর বাবা বাদী হয়ে প্রতিবেশী তপন কুমারকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে তপনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এই রায় দিয়েছেন। এই রায়ে আসামির উপযুক্ত বিচার হয়েছে এবং অর্পার পরিবার ন্যায়বিচার পেয়েছে। রায় ঘোষণার পর আসামিকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।