প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার ভোরে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মো. রুকনুজ্জামান নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। নিহত তরুণীর নাম শান্তা আক্তার (১৯)। বাড়ি নেত্রকোনা সদরের নাগড়া গ্রামে। তিনি টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গীতে বিয়ের প্রলোভন দেখিয়ে শান্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রুকনুজ্জামান। বেড়ানোর কথা বলে শনিবার শান্তাকে নিয়ে রুকনুজ্জামান তাঁর ফুফাতো ভাই মিঠুর টঙ্গীর পাগাড় এলাকার ভাড়া বাসায় নিয়ে যান। মিঠু স্থানীয় পোশাক কারখানার শ্রমিক। মিঠু কাজে গেলে শান্তাকে ধর্ষণ করেন রুকনুজ্জামান। ওই দিনই শান্তা তাঁকে বিয়ের জন্য চাপ দিলে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে রুকনুজ্জামান তাঁকে শ্বাসরোধে হত্যা করেন।