ধর্ষণের পর হত্যা করা হয় শিশুটিকে

>
- শিশুটি পরিবারের সঙ্গে নগরের ইছাকের পুল এলাকায় থাকত।
- ৩ ফেব্রুয়ারি খেলার জন্য বাসার বাইরে গিয়ে নিখোঁজ হয় সে।
চট্টগ্রামের সার্সন রোডের পাহাড়ি এলাকায় নিয়ে নয় বছরের শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে। তবে এ ঘটনায় জড়িতদের গতকাল সন্ধ্যা পর্যন্ত শনাক্ত করা যায়নি। পরিবার বলছে, কারও সঙ্গে তাদের শত্রুতা নেই। নুদরাত আক্তার নামের শিশুটিকে ধর্ষণের পর হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সার্সন রোডের পাহাড়ি এলাকা থেকে শিশু নুদরাতের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নুদরাতকে ধর্ষণের পর হত্যার ১৭ দিন আগে নগরের আকবরশাহ থানার বিশ্ব কলোনির একটি ভবনে ডেকে নিয়ে ফাতেমা আক্তার নামের আরেক শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়। ওই শিশুটিও খেলতে বের হয়েছিল। পরে ওই ঘটনায় জড়িত সাত শিশু-কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এক কিশোরের মায়ের সঙ্গে টাকার লেনদেনের জেরে প্রতিশোধ নিতে ফাতেমাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে আদালতে।
পুলিশ সূত্র জানায়, নুদরাত পরিবারের সঙ্গে নগরের বাকলিয়া থানার ইছাকের পুল এলাকায় থাকত। ৩ ফেব্রুয়ারি শিশুটি খেলার জন্য বাসার নিচে নামে। দুই ঘণ্টা পর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। না পেয়ে ওই দিন মাইকিং করা হয়। পরে তার বড় বোন রোজি আক্তার বাদী হয়ে বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও খোঁজ পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের কোতোয়ালি থানার সার্সন রোড এলাকার পাহাড়ি জঙ্গল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ইব্রাহীমের পাহাড় নামে পরিচিত ওই পাহাড়ের জঙ্গলে একটি শিশুর লাশ পড়ে থাকতে দেখে এক পথশিশু পুলিশকে খবর দেয়। লাশের গলায় একটি জুতার ফিতা প্যাঁচানো ছিল। লাশটি পচে দুর্গন্ধ বের হচ্ছিল। শিশুটির যৌনাঙ্গ থেঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে শিশুটিকে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। শিশুটি নিখোঁজ হওয়ায় বাকলিয়া থানায় আগে জিডি হয়েছে, লাশ উদ্ধারের পরও সেই থানায় মামলা হয়েছে।
নিহতের বড় বোন রোজি আক্তার বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন বলে জানান বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী। তিনি বলেন, কেন, কী কারণে, কারা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে তা তদন্ত শুরু হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না।
গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শিশুটির ময়নাতদন্ত হয়। শিশুটির বোন রোজি আক্তার মর্গের সামনে প্রথম আলোকে বলেন, চার বোন দুই ভাইয়ের মধে৵ নুদরাত পঞ্চম। সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত। তাঁদের সঙ্গে কারও শত্রুতা নেই। কারা তাঁর বোনকে ধর্ষণের পর হত্যা করেছে সেটি বুঝতে পারছেন না।
শিশুটির বাবা আবুল কালাম বলেন, এভাবে নিষ্পাপ একটি শিশুকে ধর্ষণের পর যারা হত্যা করেছে তাদের ফাঁসি চান তিনি। কোনো বাবাকে যেন শিশু সন্তানের এই লাশ দেখতে না হয়।