ধর্ষণের পর হত্যা করে লাশ নদীতে!
কুমিল্লায় মহিমা আক্তার (১২) নামের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের পর হত্যা করে লাশ গোমতী নদীতে ফেলে দিয়ে গুম করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিমা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চানপুর গ্রামের মহিউদ্দিনের মেয়ে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ইউসুফ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করে পিটুনি দেয় স্থানীয় জনতা। পরে স্বীকারোক্তিতে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন। এ ঘটনায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার দয়াপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. ইউসুফ চানপুর এলাকায় ভাড়া থাকেন। অভিযোগ উঠেছে, গতকাল বৃহস্পতিবার রাতে পাশের বাসার প্রতিবন্ধী শিশু মহিমাকে কৌশলে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন ইউসুফ। পরে তাকে হত্যা করেন। একপর্যায়ে মহিমা নিখোঁজ হয়েছে বলে এলাকায় মাইকিং করা হয়। মাইকিং শুনে ইউসুফ মহিমার লাশ পুরোনো গোমতী নদীতে ফেলে দেন। ওই সময়ে নদীর মধ্যে শব্দ শুনতে পান আশপাশের বাসিন্দারা। তখন নদীর পাড় দিয়ে ইউসুফকে পালাতে দেখে এলাকাবাসী তাঁকে আটক করে পিটুনি দেন। তিনি মহিমাকে ধর্ষণের পর হত্যা করে লাশ নদীতে ফেলে দেন বলে স্বীকার করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আজ শুক্রবার মহিমার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহত কিশোরীর নানা মো. দুলাল মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ইউসুফকে শুক্রবার বিকেলে কুমিল্লার আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।