ধর্ষণের পর হত্যা, পরে লাশ বাক্সবন্দী করে ময়লার স্তূপে!
ধর্ষকদের নাম অভিভাবকদের বলে দেওয়ার কথা বলায় শিশুটিকে গলায় হিজাব পেঁচিয়ে হত্যা করা হয়। পরে বাক্সবন্দী করে ময়লার স্তূপে ফেলে রাখা হয়। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামি ইমন হাসান (৩০) আদালতে দেওয়া জবানবন্দিতে এ কথা স্বীকার করেন।
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খানের আদালত আসামির জবানবন্দি নেওয়ার পর ইমন হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৫ জুন নগরের পাঁচলাইশ থানার বাদুড়তলা এলাকার একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলার সিঁড়িতে ময়লার স্তূপে বাক্সবন্দী শিশু সালমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা মো. সোলায়মান পাঁচলাইশ থানায় মামলা করেন। শিশু সালমা বাদুড়তলা আতাতুল ক্যাডেট মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মাদ্রাসার কাছেই শাহ আমানত হাউজিং সোসাইটিতে একটি ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে থাকত শিশুটি। বাসা থেকে তিন শ গজ দূরেই বাবার কর্মস্থল। ১৩ জুন দুপুরে বাবার কাছে যেতে বাসা থেকে বের হয় নয় বছরের শিশু সালমা। এরপর আর বাসায় ফেরেনি শিশুটি। এমনকি বাবার কাছেও যায়নি সে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার রাতে নগরের বহদ্দারহাট এলাকা থেকে ইমন হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি বহদ্দারহাট বাজারে মাছ কাটেন। পরে তাঁকে আদালতে হাজির করা হয়। তিনি শিশু সালমাকে তাঁর আরেক বন্ধু মো. জীবনসহ ধর্ষণ করেন বলে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ইমন হাসান বলেছেন, ধর্ষণের কথা অভিভাবকদের বলে দেওয়ার কথা বলায় শিশুটির মাথায় থাকা হিজাব গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তাঁরা। পরে শিশুটির লাশ বাক্সবন্দী করে ময়লার স্তূপে ফেলে রাখেন। পলাতক জীবনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আদালত সূত্র জানায়, ইমন হাসান আদালতে জবানবন্দিতে স্বীকার করেন, তাঁর বন্ধু জীবন শিশুটির বাসার পাশে বাণিজ্যিক ভবনে একটি দোকানে কাজ করেন। সেই সুবাদে শিশুটির সঙ্গে জীবনের ঘনিষ্ঠতা ছিল। জীবন শিশুটিকে ডাকলে ওই ভবনে আসে। ভবনের তৃতীয় তলায় একটি গুদামে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে জীবন। এ সময় বাইরে পাহারা দেন ইমন। পরে ইমন শিশুটিকে ধর্ষণ করতে চাইলে শিশুটি বাধা দেয়। একপর্যায়ে জীবন শিশুটির মুখ চেপে ধরলে ইমন ধর্ষণ করেন। এ সময় শিশুটি কাঁদতে কাঁদতে তার বাবা ও মামাকে বিষয়টি বলে দেবে বলে জানায়। তাৎক্ষণিকভাবে ধরা পড়ার ভয়ে দুজনে মিলে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন।