ধর্ষণের প্রতিবাদে শুক্রবার গণজাগরণ মঞ্চের বিক্ষোভ
রাজধানীর বনানীতে ধর্ষণসহ সাম্প্রতিক খুন-ধর্ষণের প্রতিবাদ এবং অবিলম্বে সব খুনি-ধর্ষণকারীকে বিচারের আওতায় আনার দাবিতে শুক্রবার বিকেল চারটায় শাহবাগে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। আজ বুধবার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ কর্মসূচি ঘোষণা করেন।
ইমরান এইচ সরকার বলেন, ‘বাংলাদেশ এখন যেন ধর্ষকদের অভয়ারণ্য। প্রতিদিন কেউ না কেউ ধর্ষিত হচ্ছেই। পাঁচ বছরের শিশু থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কেউই এসব জানোয়ারের ছোবল থেকে বাঁচতে পারছে না। কিন্তু এর কোনোটিরই বিচার হচ্ছে না। বিচার না হওয়ায় ধর্ষকেরা পাচ্ছে বেপরোয়া হওয়ার লাইসেন্স। অবস্থা এমন, যার টাকা আছে, সে চাইলেই খুন-ধর্ষণ করতে পারে।’
কিছুদিন আগে বনানীতে ধর্ষণের ঘটনায় ধর্ষক সাফাত, নাঈম, সাকিফের অভিভাবকের বক্তব্য প্রমাণ করেছে যে তাঁরা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করছেন। তাঁরা ভাবছেন, যেহেতু পয়সা আছে, তাঁরা যেকোনো কিছু করে পার পেতে পারেন।
প্রশাসনের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করে ইমরান বলেন, ‘তনু হত্যার প্রতিবাদে সারা দেশ একসঙ্গে ফুঁসে উঠেছিল, কিন্তু সরকার অত্যন্ত সুকৌশলে সেটি ধামাচাপা দিয়েছে। কাজেই এই অব্যাহত খুন-ধর্ষণের দায় সরকারকে নিতে হবে। কেননা যদি তনুর ধর্ষণকারী ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত, তাহলে অন্যরা এ অপরাধ করার সাহস পেত না।’