ধর্ষণের বর্ণনা দিতে হবে সালিস বৈঠকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগে কিশোরীর পরিবার আদালতে মামলা করেছে। ঘটনা তদন্তে আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যেই স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজ শুক্রবার সালিস ডেকেছেন। সালিসে সবার সামনে কিশোরীটিকে ধর্ষণের বিস্তারিত বলতে হবে। ইউপি চেয়ারম্যান ভুক্তভোগী পরিবারকে এমনটিই বলেছেন।
ঘটনাটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার। কিশোরীর (১৪) পারিবারিক সূত্র জানায়, গত ২৬ অক্টোবর ভোরে পাড়ার মক্তবে যাওয়ার পথে মেয়েটিকে অপহরণ করা হয়। চার দিন পর কৌশলে মেয়েটি বাড়ি ফিরে আসে। পরে মেয়েটির মুখে ঘটনা শুনে তার বড় ভাই ২ নভেম্বর চার তরুণকে আসামি করে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
এদিকে মামলা দায়েরের কথা শুনে অভিযুক্ত তিন তরুণের পরিবারের লোকজন ঘটনাটি ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ওরফে কাজলকে জানান। এরপর চেয়ারম্যান আজ শুক্রবার সালিস আহ্বান করেন।
চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘সালিস-দরবার করে তো খুনের ঘটনাও মীমাংসা করে ফেলি। দেখি, ওই মেয়ের ঘটনাটি মিটমাট করতে পারি কি না।’ ভুক্তভোগী মেয়েকে দিয়ে জনসমক্ষে নির্যাতনের বর্ণনা দেওয়ানো ঠিক কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়েটি বলতে না চাইলে তাঁর বাবা বা ভাই বলবেন।
ওই কিশোরী প্রথম আলোকে বলে, ‘সালিসে উপস্থিত হয়ে সবার সামনে আমাকে ধর্ষণের ঘটনা বর্ণনা করতে হবে। গরিব ও অসহায় পরিবারের সন্তান বলে কি এমন অবিচারের মুখোমুখি হতে হবে আমাকে? এটি পুনরায় নির্যাতন করার শামিল।’
কিশোরীর মা গতকাল বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘আমার মেয়ের চরম সর্বনাশ করেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াপাড়া গ্রামের আবদুর রহিম (২৫)। এতে সহায়তা করেছেন আমাদের প্রতিবেশী অলিউল্লাহ (২৩), এমদাদ (২৩) ও মোশাররফ (২৪)। এখন সালিসে ডেকে আবার সর্বনাশ করার পাঁয়তারা চলছে।’
মোশাররফের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাবা শামছুল হক বলেন, ‘ওই মেয়ে ও তার পরিবারের সদস্যরা ভালো না। যার সঙ্গে (রহিম) মেয়েটির সম্পর্ক ছিল, তার সঙ্গেই বিয়ে হয়েছে। আমার ছেলে ছোট মানুষ। সে ঘটনার সঙ্গে জড়িত নয়।’
এমদাদকেও বাড়িতে পাওয়া যায়নি। তাঁর মা আমেনা খাতুন বলেন, ‘আমার ছেলে বিদ্যালয়ে পড়ে। সে এ ঘটনায় কীভাবে জড়িত হবে।’ অলিউল্লাহর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাবা আবদুল বারেক জানান, এ ঘটনায় তাঁর ছেলের সংশ্লিষ্টতা নেই।
কিশোরীর এক বড় ভাই বলেন, তিনি কাঠমিস্ত্রি। নান্দাইলে তাঁর আসবাবের একটি দোকান আছে। আবদুর রহিম তাঁর দোকানে প্রায় এক বছর কাজ করেছেন। গত ২৫ অক্টোবর রহিম তাঁর কাছে তাঁর ছোট বোনকে বিয়ের প্রস্তাব দেন। তিনি তা প্রত্যাখ্যান করেন। এ ঘটনার পর তিনি রহিমকে দোকান থেকে বের করে দেন। তবে রহিম এলাকায় থেকে যান। এ ক্ষেত্রে রহিমকে সহায়তা করেন তাঁর বন্ধু অলিউল্লাহ, এমদাদ ও মোশাররফ। ওই তরুণেরা প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় তিনি কিছু বলতে পারেননি।
মেয়েটির ভাই বলেন, অপহরণের পর বিয়ের নাম করে তার বোনের ওপর শারীরিক ও পাশবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে বোনের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। মেয়েটি বলে, চার দিন পর সে কৌশলে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়। ওই বাড়ির একজনকে নিজের বিপদের কথা জানালে ওই ব্যক্তি তাকে কিছু টাকা দিয়ে ময়মনসিংহের একটি বাসে তুলে দিলে সে বাড়ি ফিরে আসে।
বাদীপক্ষের আইনজীবী ধীমান কুমার সরকার বলেন, নান্দাইল উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তাকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে গতকাল ওই কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
কিশোরীর আরেক বড় ভাই বলেন, মামলার খবর পেয়েই অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ হয়ে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সালিস ডেকে তাঁদের সবাইকে সেখানে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের পক্ষের লোকজন এ নিয়ে আস্ফালন করছেন। এতে তাঁরা আতঙ্কে আছেন।