ধর্ষণের বিচার চাওয়ায় কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের ঘটনার বিচার চাওয়ায় এবং মামলা করায় মেয়েটির ভাইকে এক বখাটে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত নিজাম উদ্দিন (২৭) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত শুক্রবার রাতে মুরাদনগর উপজেলার একটি গ্রামে নিজামের ওপর এ হামলার ঘটনা ঘটে।

কিশোরীর পরিবারের অভিযোগ, গত ২৩ ডিসেম্বর গ্রামের একটি মাজারে বার্ষিক ওরসে যায় মেয়েটি। ওই দিন বিকেলে বখাটে নজরুল ইসলাম (৩০) তাকে মাজারের পাশের এক ইটভাটায় নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়ি ফিরে মাকে জানায়। তিনি বিষয়টি এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ও স্থানীয় একজন ইউপি সদস্যকে জানান। তাঁরা ঘটনার বিচার করার আশ্বাস দেন।

পরিবারের আরও অভিযোগ, ঘটনার সাত দিন পরও বিচার না হওয়ায় মেয়েটির মা ১ জানুয়ারি বাঙ্গরা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। মামলায় বখাটে নজরুল, তাঁর বাবা, মা, বোন ও এক ভাগনি এবং অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়। মামলার পরও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এবং এলাকাবাসীও বিচার না করায় নাজিম উদ্দিন বিভিন্নজনের কাছে প্রতিবাদ জানান। এরপর গত শুক্রবার রাত আটটায় নিজ গ্রামের সড়কে বখাটে নজরুল ও তাঁর সহযোগীরা নাজিমকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। তাঁর চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

মেয়েটির মা বলেন, ‘আমি আমার মেয়ের ওপর নির্যাতন ও ছেলেকে কুপিয়ে জখম করার বিচার চাই। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ একাধিকবার এলাকায় গিয়েছে। তাঁদের পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ‘একজন মহিলা মেম্বার বিষয়টি সুরাহার দায়িত্ব নিয়েছেন। আমরা জনপ্রতিনিধির ওপর বিচারের দায়িত্ব দিয়েছি। এখন যেহেতু এটা নিয়ে এত কথা উঠছে, তাই মামলার তদন্ত দ্রুতগতিতে করছি।’