চট্টগ্রামের পটিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের বিচার চাইতে গিয়ে বিপাকে পড়েছে তার পরিবার। পরিবারের সদস্যদের অভিযোগ, ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে না নেওয়ায় তাঁদের একঘরে করে রাখা হয়েছে। কোনো সামাজিক অনুষ্ঠানেও তাঁদের আমন্ত্রণ জানানো হচ্ছে না। হুমকির কারণে ধর্ষণের শিকার কিশোরীর বড় বোনের কলেজে যাওয়াও বন্ধ হয়ে গেছে।
পুলিশ ও ওই কিশোরীর পরিবারের ভাষ্যমতে, গত বছরের ২১ জুন থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে পটিয়া পৌরসভার বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করে একই পাড়ার ছয় যুবক। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এ ঘটনায় গত ৪ জানুয়ারি প্রতিবেশী ছয় যুবককে আসামি করে আদালতে মামলা করেন ধর্ষণের শিকার ওই কিশোরীর মা। আসামিরা হলেন পিয়াল দে (২০), ইমন দে (২০), জনি দে (২৬), সুজন দে (২২), সজীব দে (২২) ও নয়ন দে (২০)।
মামলার বাদীর অভিযোগ, মামলার পর থেকে তাঁরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। মামলা তুলে নেওয়ার জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রূপক সেনসহ আসামিপক্ষ নানা হুমকি-ধমকি দিচ্ছে। এ ব্যাপারে ১১ ফেব্রুয়ারি তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মামলা তুলে না নেওয়ায় তাঁদের একঘরে করে রাখা হয়েছে। প্রতিবেশীদের কেউ তাঁদের সঙ্গে কথা বলছে না। ১৩ ফেব্রুয়ারি একই পাড়ার এক ব্যবসায়ী একটি অনুষ্ঠানের আয়োজন করেন। পাড়ার সব পরিবারকে ওই অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হলেও তাঁরা বাদ পড়েন।
মামলার বাদী বলেন, ‘আগে সব সামাজিক অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ করা হতো। মামলা করার পর আমাদের সমাজচ্যুত করা হয়েছে।’ তিনি বলেন, তাঁর স্বামীর আপন দুই বড় ভাইও সমাজচ্যুত হওয়ার ভয়ে তাঁদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন।
ধর্ষণের শিকার তরুণীর জ্যাঠা বলেন, ‘১৩ ফেব্রুয়ারির ওই অনুষ্ঠানে আমার ভাইয়ের পরিবারকে নিমন্ত্রণ করা হয়নি। কেন করা হয়নি, তা জানি না। তবে আমাদের নিমন্ত্রণ করেছে।’ তিনি বলেন, ‘আমার সঙ্গে গত কয়েক দিন মামলা কিংবা অন্য বিষয়ে কথাবার্তা বলেননি আমার ভাই। আমিও জানতে চাইনি।’
সামাজিকভাবে কোনো চাপ দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘একটি অনুষ্ঠান করলে বোঝা যাবে আমাদের সমাজচ্যুত করা হয়েছে কিনা?’
জানতে চাইলে পাড়ার বাসিন্দা ঝন্টু দে বলেন, পরিবারটিকে সমাজচ্যুত করা হয়নি। তারা নিজেরাই গুটিয়ে আছে।
মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে করা জিডিতে ঝন্টু দের নামও ছিল। তবে ঝন্টু দে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী বলেন, পরিবারটিকে কেউ এখন অনুষ্ঠানে নিমন্ত্রণ করে না। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলছে না। মামলা করার পর থেকে এই অবস্থা হচ্ছে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, ধর্ষণের শিকার পরিবারের সদস্যরা নিজেদের মতো করে চলাফেরা করছেন। প্রতিবেশীদের কেউ মামলার বাদী কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে না।
গতকাল বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীর সঙ্গে কথা হয়। তার কথা স্পষ্ট না হলেও বোঝা যায়। সে বলল, ‘পিয়াল, ইমন, জনি, সুজন, সজীব ও নয়ন আমার সঙ্গে খারাপ কাজ করেছে। আমাকে মেরে ফেলার ভয় দেখানোর কারণে তখন সেটা মাকে বলিনি।’
মামলার বাদী জানান, তাঁর স্বামী দিনমজুর। তিনি বলেন, ‘মামলা প্রত্যাহার না করায় কাউন্সিলর রূপক সেনসহ অনেকে হুমকি দিয়েছে। এখন একঘরে করেছে। বড় মেয়েটিও কলেজে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।’
রূপক সেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদের সমাজচ্যুত করা হবে কেন?’
হুমকির কারণে ধর্ষণের শিকার ওই কিশোরীর বড় বোন স্নাতক শ্রেণির ছাত্রী নয় দিন ধরে কলেজ যাচ্ছেন না।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, ‘মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পাঠিয়েছি। আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার প্রমাণ পেয়েছি।’
মামলার এক নম্বর আসামি পিয়াল দের বাবা বলেন, ‘আমার ছেলে এবং অন্য কয়েকজন মেয়েটির ক্ষতি করেছে। এখন ছেলেকে প্রয়োজনে পুলিশের হাতে তুলে দেব।’