ধর্ষণের বিচার না পেয়ে গৃহবধূর 'আত্মহত্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ধর্ষণের শিকার হওয়ার পর বিচার না পেয়ে নাছিমা খাতুন (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হাসিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করা হয়। ধর্ষণের অভিযোগে পুলিশ রফিকুজ্জামান (৫০) নামের এক পল্লি চিকিত্সককে গ্রেপ্তার করেছে।

জগন্নাথপুর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নাছিমা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত রোববার দুপুরে শারীরিক অসুস্থতা নিয়ে তিনি হাসিমপুর বাজারে রফিকুজ্জামানের কাছে চিকিত্সা নিতে যান।
সেখান থেকে ফিরে নাছিমা অভিযোগ করেন, রফিকুজ্জামান তাঁকে চেতনানাশক ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ধর্ষণ করেন। চেতনা আসার পর তিনি বাড়ি ফিরে ঘটনাটি তাঁর স্বামী ও পরিবারের অন্য সদস্যদের জানান।
বিষয়টি জানাজানি হলে গতকাল সন্ধ্যায় হান্নান নামের আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বাড়িতে এ নিয়ে সালিসি বৈঠক হয়। বিষয়টি পুলিশকেও জানানো হয়। রফিকুজ্জামান প্রভাবশালী হওয়ায় সালিসি বৈঠকে নাসিমাকে ডেকে জোর করে সালিসনামায় স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। স্বাক্ষর দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধরও করা হয়। ওই রাতেই সম্ভ্রম হারানোর পর ন্যায্য বিচার না পেয়ে নাছিমা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে তাঁর স্বজনেরা অভিযোগ করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান বলেন, অভিযুক্ত রফিকুজ্জামানকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে ধর্ষণ, নারী নির্যাতন ও মৃত্যুতে প্ররোচনার অভিযোগে মামলা নেওয়া হচ্ছে।
এদিকে রফিকুজ্জামান পুলিশ হেফাজতে থাকায় অভিযোগের ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।