ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, দুই যুবক গ্রেপ্তার
বরিশালের উজিরপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী ওই নারী (৩৫) উপজেলার বরাকোঠা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তবে স্বামী মালয়েশিয়ায় থাকায় তিনি একই উপজেলার বামরাইল ইউনিয়নের একটি গ্রামে বাবার বাড়িতে থাকেন। মুঠোফোনের মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হয় এলাকার ব্যবসায়ী এক সন্তানের জনক বাপ্পী হালদারের (৩৫)। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি ওই নারীকে ধর্ষণ করেন। সেই দৃশ্যের ভিডিও নিজের মুঠোফোনে ধারণ করেন বাপ্পী। চার-পাঁচ মাস আগে তিনি ভিডিওটি ওই নারীর স্বামীর কাছে পাঠিয়ে দুই লাখ টাকা দাবি করেন। অন্যথায় ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। নিজের আত্মসম্মানের কথা চিন্তা করে স্বামী কয়েক দফায় দুই লাখ টাকা পরিশোধ করেন। তবে বাপ্পী হালদার আরও এক লাখ টাকা দাবি করেন। তা দিতে অস্বীকার করলে বাপ্পী হালদার তাঁর বন্ধু বদরুল মজুমদারের (৩৩) সহযোগিতায় ওই ভিডিও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি জানাজানি হলে উজিরপুর মডেল থানা-পুলিশ বুধবার সন্ধ্যায় বাপ্পী হালদারের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায় এবং বাপ্পী ও বদরুলকে আটক করা হয়।
উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত বৃহস্পতিবার বাপ্পী ও বদরুলকে আসামি করে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে। দুজনকে আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।
থানা হেফাজতে থাকাকালে বাপ্পী হালদার অভিযোগের সত্যতা স্বীকার করেন। তবে বদরুল ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।