ধর্ষণের ভিডিও করে বিয়ের চাপ: ছাত্রীর জবানবন্দি
অপহরণের পর ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে করা মামলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক ছাত্রী জবানবন্দি দিয়েছে। আজ রোববার বিকেলে নবম শ্রেণির এই ছাত্রী চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলামের কাছে জবানবন্দি দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বাদী মেয়েটির মামা প্রথম আলোকে বলেন, বিচারিক হাকিমের কাছে তাঁর ভাগনি ধর্ষণের ভিডিও চিত্র ধারণের কথা জানিয়েছে। মেয়েটি এ ঘটনায় গোমস্তাপুর উপজেলার সাদ্দাম হোসেনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।
৫ জুন করা মামলায় বাদী উল্লেখ করেছেন, আট মাস আগে ছাত্রীটিকে বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব নিয়ে আসেন সাদ্দাম হোসেন। বিয়ের বয়স না হওয়ায় সেটাতে অসম্মতি জানায় মেয়ের পরিবার। একাধিকবার চেষ্টা করে বিফল হন সাদ্দাম। ৫ জুন বিকেলে কোচিং সেন্টারে যাওয়ার পথে মেয়েটিকে অপহরণ করেন সাদ্দাম হোসেন ও তাঁর সহযোগীরা। মেয়েটিকে অচেতন করে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করা হয়। জ্ঞান ফেরার পর মেয়েটিকে এ ভিডিও দেখিয়ে সাদ্দাম বলেন যে তাঁকে বিয়ে না করলে এটা ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। ওই রাতেই মেয়েটিকে পুলিশ উদ্ধার করে।
ঘটনার ছয় দিন পার হলেও এ মামলায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বাদী।