ধর্ষণের ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের ভিডিও চিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাশেদুল হক (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটি শুক্রবার সকালে শ্রীবরদী থানা-পুলিশ এজাহার হিসেবে লিপিবদ্ধ করেছে। গত বুধবার কিশোরীর বাবা বাদী হয়ে আদালতে এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন: সামিদুল হক (২২) ও রাশেদুল হকসহ (২৩) অজ্ঞাতনামা আরও ২-৩ জন। গত ১৬ ফেব্রুয়ারি ধর্ষণের এ ঘটনা ঘটে অভিযোগে বলা হয়েছে। কিশোরীটি বর্তমানে বাবার হেফাজতে আছে।

শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল্লাহ আল মামুন শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পুলিশ মামলার দুই নম্বর আসামি রাশেদুলকে গ্রেপ্তার করেছে। মামলার প্রধান আসামি সামিদুল পলাতক রয়েছেন।