ধর্ষণের ভিডিও ছড়ানো ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়নি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন হাওলাদারকে আজ রোববার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আরিফের বিরুদ্ধে ছয় নারীকে ধর্ষণ করার ও ধর্ষণের দৃশ্য ভিডিও করার অভিযোগ উঠেছে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারী মামলা করেছেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, আরিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার শিকার নারীদের ভিডিও এখনো ফেসবুকে ছড়ানো হচ্ছে। এখনো স্থানীয় মানুষের হাতে হাতে ওই ভিডিও ক্লিপ রয়েছে। বিষয়টি উদ্বেগজনক বলে এর প্রতিবাদ করেছেন স্থানীয় নারীনেত্রীরা। তাঁরা দাবি করেছেন দ্রুততম সময়ের মধ্যে আপত্তিকর ভিডিও ও ছবি জব্দ করার। ওই ভিডিও ও ছবি ছড়ানো বন্ধে পুলিশকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুরের চেয়ারম্যান রওশন আরা বেগম বলেন, ‘ছাত্রলীগ নেতা যে কাজটি করেছেন, তা ঘৃণার ছাড়া আর কিছুই না। ভুক্তভোগী নারীরা এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের সেই আপত্তিকর ভিডিও ও ছবি এখনো মানুষের হাতে হাতে। আরিফ তাঁদের সর্বনাশ করেছেন। এখন কিছু সুযোগসন্ধানী বিকৃত রুচির মানুষ তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ মুঠোফোনে ছড়াচ্ছেন। পুলিশকে আমরা অনুরোধ করব দ্রুততম সময়ের মধ্যে ওই আপত্তিকর ভিডিও ছড়ানো বন্ধে পদক্ষেপ নিতে।’
এ ব্যাপারে শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ‘যাঁরা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছেন, তাঁদেরও আইনের আওতায় আনা হবে। মুঠোফোনের মাধ্যমে ভিডিওগুলো হাজার হাজার মানুষের হাতে চলে গেছে। এগুলো বন্ধ করা পুলিশের পক্ষে সম্ভব নয়।’