ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ নারীসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর এর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার চরফলকন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া চারজন হলো কমলনগর উপজেলার চরফলকন গ্রামের সোহাগ হোসেন, কামরুজ্জামান, রিয়াজুল ইসলাম ও আকলিমা বেগম। পুলিশ বলছে, আকলিমা বেগম ধর্ষণের ঘটনায় অন্যদের সহযোগিতা করেন।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বলেন, কমলনগর উপজেলার এসএসসি পরীক্ষার্থীর ওই ছাত্রীর সঙ্গে সোহাগ হোসেনের পূর্বপরিচয় ছিল। গত বছরের ৩১ জানুয়ারি সোহাগ ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। মামলার অপর আসামিরা ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। গত ৩১ ডিসেম্বরে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয় সোহাগ ও তার সহযোগীরা। স্কুলছাত্রীর বাবা এ ঘটনায় গত শুক্রবার রাতে কমলনগর থানায় সাতজনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আহমদ বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।