ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, একজন গ্রেপ্তার
বগুড়ার শেরপুর উপজেলায় এক ব্যক্তির (৩৫) বিরুদ্ধে এক নারী শ্রমিককে (২২) ধর্ষণ ও ধর্ষণের ভিডিও মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের শিকার নারী গত শনিবার থানায় মামলা করেছেন। পুলিশ গত শনিবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
ওই নারীর বাড়ি উপজেলার গাড়িদহ ইউনিয়নে। তিনি পেশায় শ্রমিক। তিনি বলেন, বিভিন্ন সময় ওই ব্যক্তি তাঁকে কুপ্রস্তাব দিতেন। এতে তিনি রাজি না হলে গত ১৫ জানুয়ারি দুপুরে ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁর অজান্তে ওই ব্যক্তি মুঠোফোনে তা ভিডিও করে রাখেন। পরে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ওই ব্যক্তি তাঁকে আরও একাধিকবার ধর্ষণ করেন। এরপর ভিডিওটি ওই ব্যক্তি মুঠোফোনে ছড়িয়ে দেন। এতে তাঁর মানহানি হয়েছে। তিনি এ ঘটনার বিচার চান।
ওই নারীর স্বামী বলেন, ১৬ মার্চ স্থানীয় কয়েকজনের মুঠোফোনে তিনি তাঁর স্ত্রীর ওই ভিডিও দেখতে পান। কেন এ ঘটনা ঘটিয়েছেন, ওই ব্যক্তির কাছে জানতে চাইলে উল্টো তিনি তাঁকে ভয়ভীতি দেখান।
মামলার তদন্ত কর্মকর্তা ও শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, শনিবার দিবাগত রাত একটায় ওই ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে আটকের পর ওই নারীর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এসআই জাহাঙ্গীর আলম আরও বলেন, ওই ব্যক্তির মুঠোফোন জব্দসহ ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে গতকাল রোববার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে ওই ব্যক্তি জড়িত নন বলে তাঁকে (জাহাঙ্গীর) জানিয়েছেন।