ধর্ষণের ভিডিও বাজারে, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়। ওই দৃশ্য ক্যামেরায় ধারণ করে মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত বৃহস্পতিবার সুমন খলিফা, তাঁর সহযোগী সফিক মুন্সী ও আল আমিন কাজিকে গ্রেপ্তার করে। মেয়েটির মা ওই তিনজনসহ ছয়জনকে আসামি করে নড়িয়া থানায় মামলা করেছেন।
নড়িয়া থানার পুলিশ জানায়, নড়িয়া বাজারের ব্যবসায়ী বাড়ৈপাড়া গ্রামের বাসিন্দা সুমন খলিফা (২৪) বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৪ জুন মেয়েটিকে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে বিষয়টি পরিবারের কাছে গোপন করে মেয়েটি। কিন্তু সুমন ও তাঁর সঙ্গীরা ধর্ষণের দৃশ্য ভিডিও করে মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনাটি প্রকাশ পেলে মেয়েটির পরিবার বিব্রতকর অবস্থায় পড়ে। লজ্জায় মেয়েটি এলাকা ছেড়ে চলে যায়।
মেয়েটির মা ঘটনার বিবরণ দিয়ে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের কাছে আবেদন করেন। পুলিশ সুপার বিষয়টি গোয়েন্দা পুলিশকে তদন্ত করার দায়িত্ব দেন।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নূরুল হক বৃহস্পতিবার বিকেলে নড়িয়ায় অভিযান চালিয়ে সুমনকে আটক করেন। সুমনের স্বীকারোক্তি অনুযায়ী কম্পিউটার ব্যবসায়ী সফিক মুন্সী ও আল আমিন কাজিকে আটক করা হয়।
এ সময় সফিক মুন্সীর কম্পিউটার থেকে ধর্ষণের ভিডিও ফুটেজ জব্দ করা হয়। এরপর তিনজনকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। তখন সুমন খলিফা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
এসআই নূরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।