ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, মুঠোফোনে ধর্ষণের দৃশ্য ধারণ করে চাঁদা চেয়ে হুমকিও দেয় দুর্বৃত্তরা। ভয়ে মেয়েটি তার মা ও স্বজনদের জানালে স্থানীয়ভাবে প্রতিকারের চেষ্টা করা হয়। ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা ইন্টারনেটে ধর্ষণের দৃশ্য প্রচার করে। পরে পুলিশকে জানানো হলে গতকাল মঙ্গলবার ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। তবে মূল হোতা রাজীব পলাতক রয়েছে।
ধামরাই থানার পুলিশ জানায়, উপজেলার কুল্লা গ্রামের খায়রুল ইসলাম, আল-আমিন এবং কেলিয়া গ্রামের আনোয়ার হোসেন, মোস্তফা জাফর, রাজীব আহাম্মেদ ও ওই ছাত্রী এসএসসি পরীক্ষার কয়েক মাস আগে স্থানীয় অ্যাসেড স্কুলের প্রধান শিক্ষক মজিবর রহমানের লাড়ুয়াকুণ্ডের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়তে শুরু করে। মজিবর রহমান তাঁর দোতলা বাড়ির ছাদে বসে তাদের পড়াতেন। গত বছরের ২৪ ডিসেম্বর বিকেলে ওই ছাত্রী এবং রাজীব ও তার চার বন্ধু মজিবর রহমানের কাছে পড়তে যায়। কিন্তু জরুরি কাজে প্রধান শিক্ষক বাড়ির বাইরে থাকায় তাদের অপেক্ষা করতে বলেন। এ সুযোগে রাজীব মেয়েটিকে ধর্ষণ করে ও তার বন্ধুরা মুঠোফোনে সেই চিত্র ধারণ করে।
মেয়েটি জানায়, বেশ কয়েক বছর আগে তার বাবা মারা যান। এর পর থেকে তার মা পোশাক কারখানায় চাকরি করে তাকে পড়ালেখা করাচ্ছিলেন। পরীক্ষা চলাকালে মুঠোফোনে ধারণ করে রাখা ধর্ষণের চিত্র দেখিয়ে রাজীবসহ অন্যরা তার কাছে টাকা দাবি করে। নিরুপায় হয়ে সে বিষয়টি তার মা ও স্বজনদের জানায়। তাঁরা মেয়ের সম্ভ্রমের কথা চিন্তা করে থানার পুলিশকে না জানিয়ে স্থানীয়ভাবে প্রতিকারের চেষ্টা চালান। এতে ক্ষিপ্ত হয়ে ধর্ষকসহ অন্যরা ধর্ষণের সেই চিত্র ফেসবুক ও ইন্টারনেটে প্রচার করে। পরে থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়ে তার পরিবার ডাক্তারি সনদের জন্য গত সোমবার ধামরাইয়ের ইসলামপুরের সেবা মেডিকেলে যায়। মেডিকেলের মালিক স্থানীয় কাউন্সিলর নূরুল ইসলাম বিষয়টি অবগত হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারকে জানান। এরপর গতকাল চারজনকে পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশি হেফাজতে থাকা খায়রুল, আনোয়ার, জাফর ও আল-আমিন বলে, রাজীবের পরামর্শে তারা মেয়েটিকে ধর্ষণে সহায়তা করে। পরবর্তী সময়ে ভয় দেখিয়ে টাকা আদায় অথবা আবার ধর্ষণের সুযোগ নেওয়ার জন্য তারা মুঠোফোনে ধর্ষণের চিত্র ধারণ করে। ওসি ফিরোজ তালুকদার বলেন, বিষয়টি জানার পর গতকাল সকালে ধামরাইয়ের আব্বাস আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় টের পেয়ে রাজীব গা ঢাকা দেয়। গ্রেপ্তারের পর তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ওসি বলেন, রাজীব ও তার চার সহযোগীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।