ধর্ষণের ভিডিওচিত্র ছড়ানোর মামলায় তরুণ গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে এক কিশোরীকে (১৫) ধর্ষণের ভিডিওচিত্র ছড়ানোর মামলায় পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে। গত রোববার সন্ধ্যা ছয়টায় সিরাজগঞ্জের হাঁটিকুমরুল মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ওই তরুণ হলেন শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর বুড়িতলা গ্রামের মো. রাসেল ওরফে সুজন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন বলেন, ওই দিন রাসেল দিনাজপুর থেকে একটি বাসে করে গোপনে ঢাকা পালিয়ে যাচ্ছিলেন। সংবাদ পেয়ে তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাসেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন। আরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশি রিমান্ড চেয়ে গতকাল তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে থানায় মামলাটি দায়ের করার রাতেই গ্রামের মাতবর আবদুর রশিদকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গত ২৬ অক্টোবর ‘ধর্ষণের ভিডিওচিত্র ফাঁস, একজন গ্রেপ্তার’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিওচিত্র ফাঁস করার ঘটনায় চার তরুণ জড়িত। এ ঘটনায় সালিসের নামে গ্রামের মাতবর সময়ক্ষেপণ করতে থাকেন। কিশোরীর বড় ভাই গত ২৩ অক্টোবর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাত ১১টায় বাড়ির পাশে হওয়া ওয়াজ (সভা) শুনে একাই বাড়ি ফিরছিল ওই কিশোরী। পথে মহিপুর বুড়িতলা গ্রামের মো. রাসেল ওরফে সুজন (২২), রনি (২০), বজলু (২২) ও লিটন (২৪) নামের চার তরুণ তার পথরোধ করেন। পরে অস্ত্রের মুখে মুখ বেঁধে তাকে রাসেলের বাড়িতে নিয়ে যান। সেখানে রাসেল তাকে ধর্ষণ করেন।