ধর্ষণের ভিডিওচিত্র ফাঁস একজন গ্রেপ্তার
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে চাঁদার টাকা না পেয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনার ভিডিওচিত্র ফাঁস করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক সপ্তাহ ধরে ওই কিশোরীসহ তার পরিবারের সদস্যরা লোকলজ্জায় বাড়িতে বন্দিজীবন কাটাচ্ছেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ওই কিশোরীর বড় ভাই বাদী হয়ে গত শুক্রবার রাতে ধর্ষণ ও ভিডিওচিত্র ফাঁস করার ঘটনায় জড়িত গাড়িদহ ইউনিয়নের মহিপুর বুড়িতলা গ্রামের চার তরুণ ও মাতবর আবদুর রশিদের (৫০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পর শুক্রবার রাতেই পুলিশ আবদুর রশিদকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং পরদিন শনিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলখানায় পাঠানো হয়। ওই চার তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহার ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাত ১১টার দিকে ওই কিশোরী বাড়ির পাশে হওয়া ওয়াজ শুনে একাই বাড়ি ফিরছিল। পথে রাসেল (২২), রনি (২০), বজলু (২২) ও লিটন (২৪) নামের চার তরুণ তার পথরোধ করেন। পরে তার মুখ বেঁধে রাসেলের বাড়িতে নিয়ে যান। এরপর ধারালো অস্ত্রের মুখে রাসেল তাকে ধর্ষণ করেন। এ সময় রনি তাঁর মুঠোফোনে ভিডিওচিত্র ধারণ করেন এবং বজলু ও লিটন ছুরি ধরে থাকেন। এ ঘটনা কাউকে জানালে ইন্টারনেটের মাধ্যমে ওই ভিডিও এলাকায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তাঁরা। এরপর রাত দুইটায় তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার প্রায় চার মাস পর রাসেল তার কাছে এক লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে ভিডিওচিত্রটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। পরে লোকলজ্জার ভয়ে সে গোপনে বাবার সিন্দুক ভেঙে ১৩ হাজার টাকা নিয়ে রাসেলকে দেয়। এরপর প্রায় দেড় সপ্তাহ আগে রাসেল আবারও তার কাছে এক লাখ টাকা দাবি করেন। পরে দাবি করা টাকা না পেয়ে এক সপ্তাহ আগে ভিডিওচিত্রটি রাসেলসহ তাঁর অপর তিন সহযোগী গ্রামের বিভিন্ন মানুষের মুঠোফোনে ছড়িয়ে দেন। এ ঘটনা জানাজানি হলে কিশোরীর পরিবার স্থানীয় মাতবরের কাছে বিচার চান। পরে গ্রামে সালিসের মাধ্যমে বিচারের আশ্বাস দেন মাতবর আবদুর রশিদ। কিন্তু তিনিও উল্টো ওই চার তরুণ ও তাঁদের অভিভাবকের পক্ষ নিয়ে কিশোরীর পরিবারকে থানায় মামলা না করতে চাপ দেন।
এ বিষয়ে কিশোরীর বাবা বলেন, ‘এ ঘটনায় লজ্জায় তাঁরা গ্রামে মুখ দেখাতে পারছেন না। পরিবারসহ তাঁকে বাড়িতে বন্দিজীবন কাটাতে হচ্ছে।’
কিশোরীর মা বলেন, তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। লজ্জায় ঘরের বাইরে বের হয় না।
এ ব্যাপারে কথা বলতে গত শুক্রবার বিকেলে ওই চার তরুণের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি। তাঁদের অভিভাবকদেরও দেখা মেলেনি।
গত শুক্রবার রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে বজলুর বাবা আবদুল জলিল জানান, এ ঘটনা দুঃখজনক ও পরিবারের কাছে কষ্টদায়ক। এক সপ্তাহ আগে তাঁর ছেলের এই ঘটনা তিনি জেনেছেন। ভয়ে তাঁর ছেলে বাড়ি ছেড়ে পালিয়েছেন। কোথায় আছেন তাও জানেন না।
এ বিষয়ে মাতবর আবদুর রশিদ বলেন, এ ঘটনা নিয়ে উভয় পক্ষ তাঁর কাছে আসে। তিনি ওই কিশোরীর অভিভাবককে থানায় মামলা করতে পরামর্শ দিয়েছিলেন।