ধর্ষণের মামলা করল সেই নবজাতকের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচতলা থেকে ফেলে দেওয়া নবজাতকের কিশোরী মা তার ভগ্নিপতির বিরুদ্ধে গত মঙ্গলবার রমনা থানায় ধর্ষণের মামলা করেছে। ভগ্নিপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়া ওই মা ১ ফেব্রুয়ারি বেইলি রোডে তার গৃহকর্তার বাসায় ছেলেসন্তান প্রসব করে। লজ্জার ভয়ে সন্তানকে একটি ব্যাগে ভরে পাঁচতলার জানালা দিয়ে ফেলে দিলে দোতলার কার্নিশে আটকে পড়ে।
আহত ওই নবজাতক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্পেশাল কেয়ার বেবি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান মনীষা ব্যানার্জি গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, নবজাতকের ঊরুর হাড় ভেঙে গেছে। ওর শরীরের ভেতরে যেসব জায়গায় আঘাত লেগেছে, তাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একটু জ্বরও আসছে। সংক্রমণও আছে। সে এখনো আশঙ্কামুক্ত নয়।
রমনা থানার পুলিশ বলেছে, নবজাতকের মা-ও এত দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন ছিল। গত মঙ্গলবার তাকে ওসিসি থেকে ছেড়ে দেওয়ার পর সে রমনা থানায় এসে তার ভগ্নিপতির বিরুদ্ধে ধর্ষণের মামলা করে। এজাহারে বলা হয়, ভগ্নিপতি তাকে ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সামাজিক লজ্জার ভয়ে সে নবজাতককে ফেলে দিয়েছিল।
রমনা থানার ওসি মশিউর রহমান গতকাল বলেন, নবজাতকের মা থানায় মামলা করার পর তাকে তেজগাঁও থানা কমপ্লেক্সে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি নিয়ে তার ডিএনএ করা হবে। গণমাধ্যমে খবর প্রকাশের পর এজাহারভুক্ত আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ বলেছে, বেইলি রোডের এক বাসায় ওই কিশোরী মা কয়েক বছর ধরে কাজ করত।