ধর্ষণের মামলার আসামিদের গ্রেপ্তারে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শেরপুরের নকলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। নকলার চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা আজ শনিবার দুপুরে উপজেলা সদরের হলপট্টি মোড়ে এ মানববন্ধন করেন। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে শিক্ষার্থীরা নকলা শহরে বিক্ষোভ মিছিল করেন। 

শনিবার বেলা সোয়া একটা থেকে পৌনে দুইটা পর্যন্ত এই মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক, শিক্ষক মো. আহসান উল্লাহ, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ঘটনার জন্য দায়ী প্রধান আসামি শামিম মিয়া ও আব্দুল বারিসহ সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তারে প্রশাসনের কাছে দাবি জানান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শেরপুরের সদর উপজেলার সূর্যদী চারআনীপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শামিম মিয়া ওই কলেজছাত্রীটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীটির মা বাদী হয়ে ২০ সেপ্টেম্বর বুধবার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য দুই আসামি হলেন সূর্যদী গ্রামের হযরত আলীর ছেলে মতি ও আমজাদ হোসেনের ছেলে জিয়া।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, আদালতের নির্দেশে ইতিমধ্যে মামলাটিকে সদর থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। দু-এক দিনের মধ্যে ছাত্রীটির বয়স নির্ধারণ পরীক্ষা ও ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় বিচারিক হাকিমের কাছে তাঁর জবানবন্দি গ্রহণ করা হবে। মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।