ধর্ষণের মামলায় ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
অপহরণের পর আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি লায়ন পারভেজকে গ্রেপ্তার করেছে সাভার থানার পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই তরুণীর বরাত দিয়ে সাভার থানার পুলিশ জানায়, বছর দেড়েক আগের সাভার পৌরসভার ভাগলপুরের রাব্বি ব্যাপারী নামের এক যুবকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। আট মাস আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর ওই তরুণী জানতে পারেন, রাব্বির স্ত্রী আছে। তখন তিনি রাব্বিকে তালাক দেন। এরপর থেকেই রাব্বি তাঁকে নানা ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।
ওই তরুণী সাংবাদিকদের বলেন, গত ২২ ফেব্রুয়ারি ওই তরুণী কেনাকাটার জন্য সাভার বাসস্ট্যান্ড এলাকায় একটি বিপণি বিতানের সামনে যান। সেখান থেকে পারভেজসহ অন্যদের সহযোগিতায় রাব্বি তাঁকে অপহরণ করেন। এরপর তাঁরা তাঁকে পারভেজের ব্যাংক কলোনির বাসায় নিয়ে যান। সেখানে আটকে রেখে রাব্বি ও পারভেজ তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁকে শারীরিক নির্যাতনের পর মাথার চুলও কেটে দেওয়া হয়। পরের দিন ওই বাসা থেকে কৌশলে তিনি পালিয়ে গাজীপুর চলে যান। এরপর তিনি কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়েন। কিছুটা সুস্থ হয়ে রোববার তিনি রাব্বি ও পারভেজসহ পাঁচজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পর ওই তরুণী পুলিশকে পারভেজের বাসা শনাক্ত করে দেন। এরপর পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।