ধর্ষণের মামলায় ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
গাজীপুরে ধর্ষণের অভিযোগে করা মামলায় জেলা ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। রূপনগর থানা-পুলিশ মঙ্গলবার শ্রীপুর পৌরসভার মাওনা পশ্চিমখণ্ড এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ছাত্রলীগের গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম একরামুল হক ওরফে রনি। তিনি জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং শ্রীপুরের পিয়ার আলী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছে জেলা ছাত্রলীগ।
পুলিশ সূত্রে জানা গেছে, একরামুল প্রায় এক বছর ধরে একটি মেয়েকে নিয়ে রূপনগর থানা এলাকায় বসবাস করে আসছিলেন। একপর্যায়ে মেয়েটি বিয়ের জন্য একরামুলকে চাপ দেন। কিন্তু একরামুল তাতে অস্বীকৃতি জানান। এরপর মেয়েটি ১৭ মে একরামুলের বিরুদ্ধে রূপনগর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার ভোর সাড়ে চারটায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একরামুলকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বুধবার সকালে তাঁকে আদালতে হাজির করা হবে।