ধর্ষণের মামলায় দুই তরুণ গ্রেপ্তার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত দুই তরুণকে পুলিশ গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জের এক যুবক গৌরীপুর উপজেলার একাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এর কয়েক মাস পর গত ৮ ফেব্রুয়ারি যুবকটি ওই ছাত্রীকে তাঁর সঙ্গে দেখা করার প্রস্তাব দেন। ছাত্রীটি তাঁর কাছে এলে তিনি তাকে তাঁর বন্ধুর বাড়িতে নিয়ে যান। এরপর সেখানে তাকে ধর্ষণ করেন। লজ্জা ও ভয়ে মেয়েটি ঘটনাটি কিছুদিন গোপন রাখে। পরে সে তার অভিভাবকদের কাছে ঘটনাটি বলে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত রোববার ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। এরপর ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।