ধর্ষণের মামলায় বিদেশি নাগরিকের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির আশ্বাসে এক নারীকে ধর্ষণের মামলায় বিদেশি নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাঁর নাম আবদুল কারিম। তিনি শ্রীলঙ্কান নাগরিক। বর্তমানে চট্টগ্রাম নগরের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি কারখানায় কর্মরত রয়েছেন। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।

বাদীর আইনজীবী তুতুল বাহার প্রথম আলোকে বলেন, চাকরি দেওয়ার কথা বলে ঢাকার বাড্ডা থেকে এক নারীকে চট্টগ্রামে এনে ধর্ষণ করেন ওই শ্রীলঙ্কান নাগরিক। পরে ওই নারীর গর্ভজাত সন্তানও নষ্ট করা হয়। এই ঘটনায় আদালতে ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর মামলা করেন নারীটি। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম থেকে গত বছরের ১৭ ডিসেম্বর প্রতিবেদন দেওয়া হয়। মঙ্গলবার শুনানি শেষে আদালত প্রতিবেদনটি গ্রহণ করে আসামি শ্রীলঙ্কান নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।