ধর্ষণের শাস্তি ২০ হাজার টাকা ও ৫০ বেত্রাঘাত!

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে এক তরুণকে ২০ হাজার টাকা জরিমানা ও ৫০টি বেত্রাঘাত করা হয়েছে। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সালিসকারীরা এক সভায় এই দণ্ড দেন।
এলাকার অন্তত ১০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামপ্রধান ও ধর্মগুরু জন বেসরার সভাপতিত্বে সালিস হয়। এতে গ্রামের এক প্রতিবন্ধী আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ তোলে তাঁর পরিবার। অভিযোগ করা হয় ওই গ্রামেরই এক তরুণের বিরুদ্ধে। ১৯ নভেম্বর সন্ধ্যায় বাড়ির অন্যদের অনুপস্থিতিতে ওই তরুণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন। উপস্থিত সাক্ষ্য-প্রমাণে অভিযুক্ত তরুণকে দোষী সাব্যস্ত করেন গ্রামের প্রধানেরা। পরে ওই তরুণকে ২০ হাজার টাকা জরিমানা ও ৫০টি বেত্রাঘাত করার নির্দেশ দেওয়া হয়। সালিসে তাৎক্ষণিকভাবে ওই তরুণকে ৫০টি বেত্রাঘাত করা হয়। জরিমানার টাকা ১৫ দিনের মধ্যে গ্রামপ্রধানের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গতকাল বুধবার ধর্ষণের শিকার ওই নারীর বাবার কাছে সালিসের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ঢাকায় চাকরি করি, তাই মামলায় জড়াতে চাইনি। তা ছাড়া গ্রামে বাস করে সমাজের সিদ্ধান্ত অমান্য করা আমার পক্ষে সম্ভব নয়। তাই সবকিছু মেনে নিয়েছি।’
জন বেসরার জানান, তাঁরা সবাই আদিবাসী। সামাজিক বিচার-সালিস করা তাঁদের দীর্ঘদিনের রীতি। তাই উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতা করা হয়েছে। অভিযোগকারীরা চাইলে আদালতের আশ্রয়ও নিতে পারে।