ধর্ষণের শিকার আদিবাসী গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে আদিবাসী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় লোকলজ্জার ভয় ও অপমানে ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।
মারা যাওয়া ওই গৃহবধূর নাম বুলু রানী পাহান (৩০)। তিনি উপজেলার আড়ানগর ইউনিয়নের ব্রজবন গ্রামের হিরা পাহানের স্ত্রী ছিলেন। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই বিমল পাহান বৃহস্পতিবার রাতেই ধামইরহাট থানায় হত্যা ও ধর্ষণ মামলা করেন। পুলিশ রাতেই মামলার আসামি আফজাল হোসেন ওরফে বাচ্চুকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার ও থানা-পুলিশ সূত্র জানায়, গত বুধবার দুপুরে ওই গৃহবধূ গরু-ছাগল নেওয়ার জন্য বাড়ির পাশে খালপাড়ে যান। এ সময় সেখানে একই গ্রামের আফজাল হোসেন তাঁকে জোর করে পাশের একটি খেতে নিয়ে ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকার শুনে তাঁর ছেলে উজ্জ্বল পাহান (১৬) ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহায়তায় আফজাল হোসেনকে ধরে ফেলেন। পরে গ্রামবাসী আফজাল হোসেনকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাজাহান আলীর হাতে তুলে দেন। এরপর চেয়ারম্যান আফজালকে ছেড়ে দেন।
এ বিষয়ে শাজাহান আলী জানান, ঘটনার সময় জনগণ প্রচণ্ড উত্তেজিত ছিল, এ কারণে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আফজাল হোসেনকে তাঁর বড় ভাইয়ের কাছে জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এদিকে লোকলজ্জার ভয় ও ধর্ষণের অপমান সইতে না পেরে গৃহবধূ তাঁর বাড়িতে ফিরে গিয়ে বিষপান করেন। অচেতন অবস্থায় তাঁকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম জানান, ময়নাতদন্তের পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে বুলু রানী পাহানের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার পর চেয়ারম্যান শাজাহান আলী বৃহস্পতিবার রাতেই আফজাল হোসেনকে থানায় সোপর্দ করেন। গতকাল শুক্রবার তাঁকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।