ধর্ষণের শিকার কিশোরী ও তার মাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তুলে নিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিরা ওই ছাত্রী ও তার মাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে ওই ছাত্রী। এতে বলা হয়, ৪ ডিসেম্বর ডায়রিয়ায় আক্রান্ত মায়ের সঙ্গে উখিয়া হাসপাতালে যায় সে। ৫ ডিসেম্বর গভীর রাতে শৌচাগারে যাওয়ার পথে হাসপাতাল এলাকার গিয়াস উদ্দিন, আবদুল শুক্কুরসহ চার যুবক তাকে তুলে নিয়ে যায়। এরপর তাকে হাসপাতালের পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে গিয়াস উদ্দিন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে গিয়াসসহ অন্যরা পালিয়ে যায়।
ওই কিশোরীর মা বলেন, ঘটনার পর পুলিশ আবদুল শুক্কুরকে গ্রেপ্তার করলেও গিয়াস উদ্দিনসহ অন্যদের ধরছে না। কারণ গিয়াসের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন ওরফে মিথুনের সখ্য আছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মশিউরের সঙ্গে মকবুলের ঘনিষ্ঠতা আছে। তিনি বলেন, গিয়াসসহ মামলার অন্য আসামিরা তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে তাঁদের তুলে নিয়ে ধর্ষণের ভয় দেখাচ্ছে।
সংবাদ সম্মেলনে ওই ছাত্রী বলে, সন্ত্রাসীদের হুমকির কারণে সে ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ছাত্রলীগের নেতা মকবুল হোসেন অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ওই ছাত্রীকে ধর্ষণে জড়িত ব্যক্তিদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। রাজনৈতিকভাবে হেয় করার জন্য তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার সখ্যের অভিযোগ তদন্ত করে দেখা হবে। অভিযোগ সত্যি হলে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হবে।