লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) তার সৎচাচা ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর গত রোববার সালিস বৈঠকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আবদুর রহমান ও আবদুল লতিফ নামের দুই মাতব্বরকে গ্রেপ্তার করে। পাশাপাশি মেয়েটিকে পুলিশের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত সোমবার মেয়েটির বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই কিশোরীকে তার সৎচাচা প্রায়ই ধর্ষণ করত। সম্প্রতি ওই কিশোরীর ছয় মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বররা গত রোববার সালিস বৈঠকে অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেন। খবর পেয়ে পাটগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই মাতব্বরকে গ্রেপ্তার করে।
বাকপ্রতিবন্ধী ওই কিশোরীর বাবা জানান, পাঁচ দিন আগে থানায় মামলা করতে গেলে তাঁকে ফিরিয়ে আনেন স্থানীয় মাতব্বররা। মাতব্বররা ওই দিন এক দফা বৈঠক করেন এবং তাঁকে থানায় না যাওয়ার নির্দেশ দেন। এরপর মাতব্বররা গত রোববার রাতে সালিস বৈঠক বসান। তাঁরা অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করার মাধ্যমে ঘটনাটি মীমাংসার জন্য চাপ দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকতা (আরএমও) প্রণব কুমার দাস বলেন, ওই কিশোরী প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা। সে রক্তশূন্যতায় ভুগছে। তার শারীরিক অবস্থা ভালো নয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মেয়েটির সৎচাচাসহ সাতজনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার দুই ব্যক্তিকে গতকাল মঙ্গলবার লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।