ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না পেয়ে যশোর শহরের শংকরপুর এলাকায় গৃহিণীকে বেঁধে এক কিশোরীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ সময় কিশোরী ও গৃহকর্তাকে নগ্ন করে একসঙ্গে ছবি তুলে কাউকে জানালে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। লজ্জায় কিশোরী ঘরে থাকা বিষাক্ত রাসায়নিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে গত শনিবার রাতে গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বাড়ির গৃহিণী বাদী হয়ে গতকাল রোববার দুপুরে যশোর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, চাঁদাবাজি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের তিনটি ধারায় একটি মামলা করেন। মামলার এজাহারে আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত দুজনকে গতকাল শহর থেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন শহরের রবীন্দ্রনাথ সড়কের বিল্লাল (২৭) ও তরিকুল (২৫)।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ‘বিষক্রিয়ায় আক্রান্ত ওই কিশোরীকে শনিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। গতকাল বিকেল চারটার দিকে তিনি জানান, পরীক্ষার প্রতিবেদন এখনো হাতে এসে পৌঁছায়নি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে সাত–আটজন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে গালাগালি করে বলে ‘তোরা এলাকায় খারাপ কাজ করিস’। এ জন্য তারা বড় অঙ্কের চাঁদা দাবি করে। ঠিক সেই সময়ে গৃহকর্তা বাড়িতে ঢোকেন। দুর্বৃত্তরা তাঁকে জিম্মি করে চড়-থাপড় মেরে সোফার ওপর বসিয়ে পরনের পাঞ্জাবি খুলে নেয়। এরপর বাড়ির আশ্রিতা ওই কিশোরীকে নগ্ন করে তঁার সঙ্গে বেশ কয়েকটি ছবি তোলে।
এ সময় তারা আলমারি খুলে ২৭ হাজার টাকা, দুটি মুঠোফোন, সোনার ঝুমকা, নাকফুল, পাসপোর্ট ও ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেয়। পরে তারা এটিএম কার্ড দিয়ে ২৮ হাজার টাকা তুলে নেয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, কিশোরীকে দুজনে মিলে ধর্ষণ করেছে। ২২ ধারায় ওই কিশোরীর জবানবন্দি নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’