ধর্ষণের শিকার কিশোরীর মৃত্যু
রাজধানীর তুরাগের একটি সিরামিক কারখানায় ধর্ষণের শিকার হওয়া কিশোরী সাবিনা আক্তার (১৫) গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তিন দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে।
তুরাগ থানার পুলিশ ও সাবিনার পারিবারিক সূত্র জানায়, তুরাগ থানার ভাবনারটেকের বাসিন্দা সাবিনা একই এলাকায় সুরমা সিরামিকস নামের একটি কারখানার কর্মী ছিল। ২০ ডিসেম্বর সন্ধ্যায় ওই কারখানার কেয়ারটেকার রমজান আলী তাকে ধর্ষণ করে। এরপর সে সাবিনাকে জোর করে কেমিক্যাল খাইয়ে দেয়। তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে কারখানার কর্মীরা ওই কক্ষ থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করেন। তখন তার মুখ দিয়ে কেমিক্যাল বের হচ্ছিল। প্রথমে সাবিনাকে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা সাতটার দিকে সে মারা যায়। চিকিৎসকেরা বলেছেন, তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল।