ধর্ষণের শিকার কিশোরীর সন্তান 'ছিনতাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলায় ধর্ষণের শিকার এক কিশোরীর সন্তান কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরী গৃহকর্তা কর্তৃক ধর্ষণের শিকার হয়ে গর্ভধারণ করে। পরে সন্তান প্রসবের নির্ধারিত দিনের ১০ দিন আগে তাকে অপহরণ করে সন্তান প্রসব করানো হয়।
কিশোরীর মা বলেন, তিনি গ্রামে তাঁদের পাশের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া তাঁর মেয়ে তাঁকে কাজে সহযোগিতা করত। এ সময় বাড়ির গৃহকর্তা (৬০) তাঁর মেয়েকে কয়েকবার ধর্ষণ করেন। মেয়েটি নয় মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় বিষয়টি জানাজানি হয়। পরে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার তত্ত্বাবধানে গত সপ্তাহে তিনি যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই গৃহকর্তাকে আসামি করে একটি মামলা করেন। এরপর তাঁকে ও তাঁর মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়। ভয়ে তাঁরা ঝিকরগাছা থেকে পালিয়ে যশোর শহরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। গত ২৪ অক্টোবর তাঁর মেয়েটি খাবার কিনতে বাইরে বের হলে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় গত শুক্রবার যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অপহরণের মামলা হয়।
মেয়েটির মামা গতকাল বলেন, অপহরণের পর কে বা কারা তাঁর ভাগনিকে ঢাকায় নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করায়। গত শনিবার রাতে অস্ত্রোপচারের স্থানে সেলাই কেটে দেওয়া হয়। এরপর গভীর রাতে মেয়েটিকে অসুস্থ অবস্থায় ঢাকার গাবতলী এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ভোরে মেয়েটিকে সেখানকার লোকজন উদ্ধার করে বেনাপোলগামী বাসের টিকিট কেটে তুলে দেয়। গত রোববার বিকেলে মেয়েটি বেনাপোলে এসে পৌঁছায়।
ওই কিশোরী বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আলমগীর কবির বলেন, রাতেই মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার জন্য ৭২ ঘণ্টার মধ্যে বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হবে।
বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য বলেন, মেয়েটিকে অসুস্থ অবস্থায় পাওয়া গেছে। ঝিকরগাছা থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। মেয়েটি আগে সুস্থ হয়ে উঠুক। তারপর আইনি লড়াইয়ে মেয়েটির পাশে থাকবে মহিলা পরিষদ।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহমেদ বলেন, মামলার তদন্ত চলছে। আসামি হজে গেছেন। এখনো তিনি ফেরেননি। ফিরে এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।