ধর্ষণের শিকার কিশোরীর মৃত্যু?
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন এক কিশোরী গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। কাজলী (১২) নামের ওই কিশোরী গতকাল শনিবার ভোরে মারা যায়।
তবে হাসপাতালের চিকিৎসকদের দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, শারীরিক ও যৌন নির্যাতনে কিশোরী কাজলীর মৃত্যু হয়েছে। কাজলী বরিশালের বানারীপাড়া উপজেলার সালিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি গুচ্ছগ্রামের বাসিন্দা চাতালশ্রমিক হিরণ হাওলাদারের মেয়ে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে আনার পর ওই কিশোরীর পরিবার আমার মনে হয় যেকোনো কারণেই হোক সকল তথ্য গোপন করেছিল। তাই রোগের ধরন না বলায় প্রথমে কিশোরীকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এরপর গাইনি বিভাগের চিকিৎসকেরা ওর পরিবারের লোকজনকে খুঁজে পাচ্ছিল না। কিশোরীর পাশে ছোট একটি মেয়ে ছাড়া আর কেউ ছিল না। যেহেতু মেয়েটির জননাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, সেটা দেখে মনে হয় তার ওপর যৌন নির্যাতন হয়েছে। চিকিৎসকের দেওয়া প্রতিবেদনেও এমন উল্লেখ আছে। তবে এটা পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর।’
কাজলীর বাবা দিনমজুর হিরণ হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর স্ত্রী মানসিক বিকারগ্রস্ত, আর নিজে দিনমজুরির কাজ করায় বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকেন। এ জন্য পরিবারের দেখা শোনার কেউ নেই। তাই মেয়েকে অন্যের বাড়িতে কাজে দিয়েছিলেন। মেয়ের যে এই অবস্থা হবে, তা তিনি ভাবতে পারেননি। এ ঘটনায় দায়ী লোকজনের বিচার চান তিনি।
কাজলীদের প্রতিবেশী তাসলিমা বেগম জানান, কাজলীর মা সাফিয়া বেগম মানসিক প্রতিবন্ধী। তিন সন্তান নিয়ে সংসার চালানো কষ্ট হওয়াতে দিনমজুর বাবা তাঁর বড় মেয়ে কাজলীকে ৫ মাস আগে ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা গ্রামের আবদুল মান্নান মিয়ার বাড়িতে গৃহপরিচারিকার কাজে পাঠান। আবদুল মান্নান কাজলীর নানির চাচাতো ভাই।
তাসলিমা আরও জানান, ৮ মার্চ বেলা ১১টার দিকে দুই নারী কাজলীকে গুরুতর অবস্থায় তাঁর বাবার বাড়ি রেখে চলে যায়। এ সময় কাজলীর বাবা তাঁকে (তাসলিমা) ডাকলে তিনি কাজলীর শারীরিক অবস্থা দেখে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরে চেয়ারম্যানের নির্দেশে কাজলীকে তাঁরা বানারীপাড়া থানায় নিয়ে যান।
বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘৮ মার্চ কিশোরীটিকে অসুস্থ অবস্থায় থানায় নিয়ে আসে ওর পরিবার। এ সময় মেয়েটি কোনো কথা বলতে পারছিল না। গুরুতর অসুস্থ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার জন্য পাঠিয়েছিলাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ৯ মার্চ কাজলীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল ঝালকাঠি থানায় বিষয়টি অবহিত করি।’
ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলম বলেন, ‘আমরা এ বিষয়ে খোঁজখবর নিয়ে জেনেছি যে মেয়েটি অসুস্থ ছিল। আবদুল মান্নানের বাড়ির লোকজন স্থানীয়ভাবে তার চিকিৎসাও করিয়েছে। টনসিলের সমস্যার কারণে ওর গলা ও শরীর ফুলে উঠেছিল। মেয়েটির ওপর নির্যাতনের কোনো তথ্যপ্রমাণ আপাতত পাওয়া যায়নি।’
এদিকে অভিযোগের বিষয়ে জানার জন্য আবদুল মান্নানের ফোনে বেশ কয়েকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।