ধর্ষণের শিকার ছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ধর্ষণের শিকার হয়ে গত বৃহস্পতিবার সকালে রুমানা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় গতকাল শনিবার মেয়েটির মা চারজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেছেন।
পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্র জানায়, রুমানার মা-বাবা চট্টগ্রামে থাকেন। রুমানা দাদার বাড়িতে থেকে স্থানীয় তমেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। গত বুধবার রাত ১১টার দিকে মেয়েটি বাড়ির উঠানে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিল। এ সময় উপজেলার তাথালবাড়িয়া গ্রামের আল আমিন (২২), নাসির উদ্দিন (৩০), রাসেল হাওলাদার (২০) ও মো. মুক্তি (২২) তাকে তুলে বাড়ির সামনের মাঠে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে দুই ব্যক্তি স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানান।
খবর পেয়ে রাত তিনটার দিকে আল আমিনের বাবা মুসা ও নাসিরের ভাই বাবুল মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরদিন সকালে মেয়েটি তার বাবাকে মুঠোফোনে ধর্ষণের কথা জানায়। এরপর লোকলজ্জার ভয়ে বেলা ১১টার দিকে সে ঘরের আত্মহত্যা করে। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, কেউ অভিযোগ না করায় প্রথমে অপমৃত্যু মামলা হয়েছিল। পরে মেয়েটির মায়ের লিখিত অভিযোগ পেয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।