ধর্ষণের শিকার ছাত্রীর আত্মহত্যার ঘটনায় আটক ৩
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ধর্ষণের শিকার হয়ে স্কুলছাত্রী শারমিন আক্তারের (১৫) আত্মহত্যার ঘটনায় গতকাল সোমবার তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার তাফালবাড়িয়া গ্রামের বাবুল হাওলাদার (৩৫), বকুল বেগম (৩৭) ও পারভীন বেগম (৪০)।
পিরোজপুরের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সোমবার সকালে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর তিনি তাফালবাড়িয়া গ্রামবাসীর সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক সভা করেন। এ সময় তিনি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য গ্রামবাসীর সহযোগিতা চান।
গত বুধবার রাতে ওই ছাত্রী বাড়ির উঠানে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিল। এ সময় গ্রামের আল আমিন (২২), নাসির উদ্দিন (৩০), রাসেল হাওলাদার (২০) ও নলী গ্রামের মো. মুক্তি (২২) মেয়েটিকে তুলে নিয়ে বাড়ির সামনের মাঠে ধর্ষণ করে। লজ্জায় পরের দিন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। গত শনিবার বিকেলে মেয়েটির মা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।